BJP, Bagda, বিজেপির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদ, বাগদায় দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে মারধর

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মে: রাজনৈতিক বিরোধের জেরে এবার এক বিজেপি নেত্রীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেত্রী ও তার অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বাগদা থানার কোনিয়ারা-২ গ্রাম পঞ্চায়েতের চুয়াটিয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত রীতা বাকচী বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য এবং স্থানীয় বিজেপি নেত্রী হিসেবে পরিচিত। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে চুয়াটিয়া এলাকার একটি দোকানে নিজের কাজে গিয়েছিলেন রীতা বাকচী। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেত্রী বনশ্রী সরকার সেখানে উপস্থিত হয়ে রীতা দেবীকে উদ্দেশ্য করে বিজেপি দলের বিরুদ্ধে অত্যন্ত অশালীন ও অসম্মানজনক মন্তব্য করতে শুরু করেন। রীতা বাকচী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, প্রতিবাদ করায় বনশ্রী সরকার ও তার দলবল রীতা দেবীর ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করতে করতে পাশের একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। সেখানেও তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে দাবি আক্রান্তের।

চিৎকার ও হট্টগোল শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত রীতা বাকচীকে উদ্ধার করেন। তাঁকে প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। তাঁর মাথা বার বার দেওয়ালে আঘাত করায় মাথায় চোট পেয়েছেন তিনি।

আক্রান্ত নেত্রীর স্বামী শক্তি বাকচী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বনশ্রী সরকার যেভাবে আমার স্ত্রীর গলা চেপে ধরেছিল, স্থানীয় মানুষ সময়মতো ছুটে না এলে আজ বড়সড় অঘটন ঘটে যেতে পারত। আমরা এর উপযুক্ত বিচার চাই। আক্রমনের সময় যথেষ্ট হিংস্র অবস্থায় ছিল বনশ্রী সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *