সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মে: দিনের পর দিন উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরের আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত ডিজে বাজিয়ে নাচ- গান, মদের আসর এবং বেপরোয়া আচরণে অতিষ্ঠ সাধারণ মানুষ। অভিযোগ, রাত ১২টার পরেও উচ্চ শব্দে ডিজে চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যত কোনও কড়া পদক্ষেপ করা হচ্ছে না।
স্থানীয়দের দাবি, পুলিশ ঘটনাস্থলে এলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি আগের মতো হয়ে যায়। অভিযোগ উঠেছে, কিছু যুবক নিজেদের শাসক দলের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে দাপট দেখাচ্ছে। “আমরা মন্ত্রীর ছেলে,” “আমরা বিজেপি বিধায়কের লোক,” এমন পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি মদের আসর বসছে বলেও অভিযোগ স্থানীয়দের।
সাধারণ মানুষের বক্তব্য, রাজনৈতিক পরিচয়ের আড়ালে অসামাজিক কাজকর্ম বাড়তে থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে শহরজুড়ে। এক স্থানীয় বাসিন্দার কথায়, “এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে মহিলাদের রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে যাবে। প্রশাসনকে এখনই কড়া পদক্ষেপ করতে হবে।”
এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন, আইন নিজের পথে চলবে। কেউ যদি আইন ভাঙে বা সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কোনও অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও তিনি জানান।

