সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মে: ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি আরও বাড়াতে বনগাঁ পৌর মণ্ডল উত্তর চারের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হলো। বৃহস্পতিবার বনগাঁ পৌরসভার পৌর ভবনের চন্দ্রিকা হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক জেলা ও মণ্ডল নেতৃত্ব।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এসসি মোর্চার জেলা সভাপতি শোভন বৈদ্য, মণ্ডল সভাপতি সমরেশ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা। সভায় দলীয় সংগঠনকে বুথ স্তর থেকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এসসি মোর্চার জেলা সভাপতি শোভন বৈদ্য’র বক্তব্যে উঠে আসে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর এই প্রথমবার ভাড়া নিয়ে এত বড় সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের সমর্থন যেমন বাড়ছে, তেমনই সংগঠনের পরিধিও দ্রুত বিস্তার লাভ করছে। সেই কারণেই বৃহত্তর পরিসরে কর্মী-সমর্থকদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিন কর্মীদের উদ্দেশ্যে সচেতনমূলক বার্তাও দেন নেতৃত্বরা। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা, এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তাও দেওয়া হয় সভা থেকে। সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিজেপি নেতৃত্বের দাবি, বনগাঁ এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে নামতেই এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

