সাথী দাস, পুরুলিয়া, ২১ আগষ্ট: জেলায় কর্মরত ৩০০ জুনিয়ার ইঞ্জিনিয়ারের মধ্যে মাত্র ৪০ জন সংগঠিত! এই পরিসংখ্যান তুলে ধরেই চাওয়া পাওয়াকে দূরে সরিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়ে গেলেন তৃণমূল সমর্থিত প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব। আজ পুরুলিয়া জেলা পরিষদের সভা কক্ষে ওই সংগঠনের আয়োজিত একটি অনুষ্ঠানে এই নির্দেশ দেন রাজ্য সংগঠকরা।
জেলায় কর্মরত এই জুনিয়ার ইঞ্জিনিয়ারদের অনেকেরই দীর্ঘদিন ধরে কোনও পদোন্নতি হয় নি বলে অভিযোগ। বাম আমলের পদ্ধতিগত কারণে এই সমস্যা রয়েছে বলে দাবি করেন রাজ্য সংগঠকরা। এদিন শাসক দলের পক্ষ থেকে উপস্থিত বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সরেন এবং তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া সংগঠনের বৃদ্ধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন। এছাড়া সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
বৈঠকের আগে সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ চত্বরে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

