স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ আগস্ট: কেন্দ্র-রাজ্য সম্পর্ক যাই হয়ে থাকুক। বঙ্গ রাজনীতিতে বিজেপি তৃণমূলের লড়াই জারি থাকুক না কেন, মমতা মোদীর পাশাপাশি অবস্থান দেখতে আগ্রহী সকলেই। আমফান ঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে অনেকদিন আগে একবার সামনাসামনি মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে দিল্লিতে ক্ষণিকের সাক্ষাৎ, তবে তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহল থেকে আমজনতা, পাড়ার মোড় থেকে চায়ের দোকান, জল্পনা সর্বত্র।

তবে আসন্ন রাখি পূর্ণিমা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি দেওয়া রাখি বিভিন্ন দোকানে পাশাপাশি একই সাথে অবস্থান করেছে। আর তা কিনতে, দলে দলে কর্মী-সমর্থকরা ছুটছেন। নদিয়ার শান্তিপুর ডাকঘর হোক বা রানাঘাটের ছোট বাজার গেরুয়া এবং সবুজ শিবিরের চাহিদা একটাই। দোকানিরাও ব্যবসায়িক সুকৌশলে বিভিন্ন রকমারি রাখির পসরার মধ্যে এই দুই রাখিকে দোকানের গুরুত্বপূর্ণ জায়গায় ক্রেতা সাধারণের দৃষ্টিপাতের জন্য রেখেছেন।
ডাকঘর মোড়ের এক দোকানের মালিক পূজা রায় জানান, শুধু রাজনৈতিক কারণেই নয়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অনেক শুভাকাঙ্ক্ষী আছেন তারাও সংগ্রহ করছেন এই রাখি। অত্যন্ত চাহিদা থাকলেও মাত্র ১০ টাকা দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

