আমাদের ভারত, ২৫ মার্চ: “তৃণমূলের অপশাসনের” প্রতিবাদে শুক্রবার কলকাতায় একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
‘কঠোরভাবে প্রাপ্তমনস্কদের জন্যে’ শিরোনামে বিপুল ভট্টাচার্যের লেখা পোস্টটিতে লেখা, “মৌলালি থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। বিকেল ৪টে থেকে। সবার মিছিল, কিন্তু সকলের জন্যে নয়।
আপনি যদি ভয় পান রামপুরহাটের অরাজকতা নিয়ে, আনিসখুন নিয়ে, তুহিনার অকালমৃত্যু নিয়ে মুখ খুললে আপনি “বকা” খাবেন, আসবেন না। এ মিছিল বকুনির তোয়াক্কা করবে না।
আপনি যদি এই ফুটফুটে ছেলেমেয়েগুলো অকালে ঝরে যাওয়ায় কাফি রাগে পুলকিত হয়ে থাকেন, আসবেন না। এ মিছিলে দীপক রাগিনী সঞ্চারিত।
আপনি যদি মনে করেন এ মিছিলে পা মেলানো সহযাত্রীরা ভাড়া করে আনা ‘রুদালি’, আসবেন না। এ মিছিলে হাঁটলে কোনো এঁটোকাঁটা কমিটির সদস্যপদ উথলে উঠবে না।
আপনি তখনই আসবেন যদি মনে করেন পাথর, বালি, কয়লার অবৈধ ব্যবসার কামড়াকামড়ি, খুনোখুনি কখনো রাজনীতিবিদদের কাজ নয়। আপনি তখনই আসবেন যদি মনে করেন এ যা চলছে তা হলো of the criminals , by the criminals , for the criminals।
আপনি তখনই আসবেন যদি মনে করেন আজকে বকটুই-য়ের ধ্বংসস্তূপ দেখতে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মন্ডলের ছবি দিয়ে “স্বাগতম” তোরণ নির্মাণ অকল্পনীয় অশ্লীলতা।
আপনি তখনই আসবেন যদি মনে করেন আনারুল নামে কোনো দলীয় ব্যক্তির পুলিশ পাঠানো বা না পাঠানোর বে-এক্তিয়ার অধিকার আসলে আইনের শাসনের চূড়ান্ত অবমাননা।
আপনি তখনই আসবেন যদি মনে করেন দলীয় দ্বন্দ্বে খুনের সুরাহা সরকারি চাকরি নয়, জনগণের করের টাকা থেকে নয় ক্ষতিপূরণ দিতে হবে সেই দলের কোষাগার থেকেই।
আপনি তখনই আসবেন যদি মনে করেন কোনো ক্ষতিপূরণ ওই ফুটফুটে শিশুদের, শ্রমবতী , লক্ষীমন্ত নারীদের পরিকল্পিত হত্যার পক্ষে যথেষ্ট নয়।
আপনি তখনই আসবেন যদি মনে করেন রামপুরহাটের বীভৎসা আমাদের রাজ্যের লজ্জা।
আবার বলি, সবার মিছিল , কিন্তু সকলের জন্যে নয়।

