“গণতন্ত্রে এইভাবে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা খুবই বেদনাদায়ক ও অপমানজনক”

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৪ মার্চ: রামপুরহাটের ঘটনায় রাজ্যের মাথা অপমানে হেঁট করেছে। এভাবেই ফের একবার রামপুরহাট কান্ড নিয়ে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বৃহস্পতিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি পৌঁছান রাজ্যপাল। এরপর সেখান থেকে সড়কপথে শালুগাড়ার বিএসএফের সেনাছাউনে যান। সেখানে মহিলা জওয়ানদের পাসিং দ্যা প্যারেড অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখান থেকে সোজা ফের বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। আর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপুরহাট কান্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যপাল বলেন, “আমার ভিডিও বার্তা দেখুন, ট্যুইটার দেখুন। আর সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছি সেটিও দেখুন। আপনারা সব জানতে পারবেন। সেটি একটি অপমানজনক ঘটনা। গণতন্ত্র ও শাসনের উপর একটি গভীর ক্ষত। এই ঘটনা অপমানে আমাদের মাথা নত করেছে।”

এরপরই তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিরের প্রসঙ্গ তুলে বলেন, “আর আমরা কী দেখলাম এখানে মন আতঙ্ক ভরা, আর মাথা অপমানে নত রয়েছে। গণতন্ত্রে এইভাবে মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা খুবই বেদনাদায়ক ও অপমানজনক।” তিনি আরও বলেন, “আমি সরকারের কাছে আবেদন করবো ঘটনাকে ধামাচাপা দেওয়ার পরিবর্তে রাজ্য সরকারের শিক্ষা নেওয়া উচিৎ। রাজ্যপালকে কটুক্তি করা, তার বিরুদ্ধে অভিযোগ তুলে পাথর ছোড়া খুবই সোজা।”

এরপরই তিনি সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ওই বিষয়ে তিনি বলেন, “আর আপনারাও কোনওরকম যাচাই না করে মিথ্যা বহন করে চলছেন। আমি বুঝি না আপনারা মিথ্যাকে কেন প্রশ্রয় দেন। আপনারা কেন প্রশ্ন তুলছেন না জানি না। এখানে চতুর্থ স্তম্ভকে উপড়ে ফেলা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *