আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর:বেসরকারি স্কুলগুলোতে ফি জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ধার্য করে দিল কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ রয়েছে। সেজন্য ফি মুকুবের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা। প্রাথমিকভাবে তাদের দাবি খারিজ করে ৭৫% ফি জমা দিতে বলেছিল আদালত। এবার সেই ফি-কে ভাগ করে দ্রুত ৫০% দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তার সঙ্গে পরে দুই সপ্তাহের মধ্যে বাকি ২৫% ও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদ্যালয়ের ফি যারা জমা করেননি অবিলম্বে তাদের ৫০% ফি জমা দিতে হবে। এর পরের দুই সপ্তাহের মধ্যে ২৫% ফি জমা করতে হবে। আদালত বিদ্যালয়গুলির কত ফি বকেয়া রয়েছে তারও বিস্তারিত তালিকা জানতে চেয়েছে।
এছাড়া আদালতের কাছে অভিভাবকদের তরফ থেকে অভিযোগ এসেছে যে সমস্ত পরিষেবা বিদ্যালয় দিচ্ছে না, সেগুলির জন্যেও ফি চাওয়া হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছে, কোন খাতে কত টাকা নেওয়া হচ্ছে তার বিস্তারিত বিবরণ দিয়ে অভিভাবকদের কাছে পাঠাতে হবে। পাশাপাশি বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পড়ুয়া ও বিদ্যালয়ের তরফ থেকে এইবিষয়ে নির্দিষ্ট আকারে হলফনামা জমা করতে হবে। ১ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি হবে।

