মন্ত্রী গোলাম রব্বানীর খাস তালুক গোলপোখরে জাল আধার কার্ড তৈরীর হদিশ, ধৃত ১, তীব্র চাঞ্চল্য

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১০ সেপ্টেম্বর: মন্ত্রী গোলাম রব্বানীর খাস তালুক গোলপোখরে জাল আধার কার্ড তৈরীর হদিশ। এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি মন্ত্রীর সই ও সিল জাল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসলামপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার লোধন এলাকায় পাওয়ার হাউজের উল্টোদিকের একটি দোকানে দীর্ঘদিন ধরে এই জাল কারবার করে আসছিলেন গোলপোখরের সাহাপুর-২ গ্রাম পঞ্চায়েতের বাসপোখর এলাকার বাসিন্দা শাহজাহান। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার আইসি জয়ন্ত শর্মার নেতৃত্বে এক বিশেষ টিম লোধন এলাকার ওই দোকানে হানা দেয়। দোকানে তল্লাশি চালিয়ে বিনা লাইসেন্সে জাল আধার কার্ড তৈরির প্রচুর সামগ্রী আটক করে পুলিশ। পাশাপাশি গোয়ালপোখরের তৃণমূল বিধায়ক তথা রাজ্য মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর জাল সই ও সিল ব্যবহার করা বেশকিছু তথ্য উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানীকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশ ধৃতকে আজ ইসলামপুর আদালতে পেশ করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *