বেহাল পুর পরিষেবার অভিযোগ তুলে রঘুনাথপুরে কংগ্রেসের রাস্তা অবরোধ, বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ১০ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে রঘুনাথপুর শহরের প্রতিটি রাস্তা। বার বার পৌর প্রশাসনের কাছে রাস্তা মেরামতির দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এবার রঘুনাথপুর শহরের নন্দুয়াড়া চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস। রাস্তা অবরোধের জেরে আটকে পড়ে বহু যানবাহন। রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা।

তাঁদের অভিযোগ, বার বার বদলি হচ্ছে পৌর প্রশাসক। অথচ কাজের কাজ কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে রঘুনাথপুর শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে পড়ে রাস্তার উপর। বেহাল নর্দমাগুলিও। এর জেরে সমস্যায় পড়তে হচ্ছে রঘুনাথপুরবাসীকে। অভিযোগ, বার বার পৌরসভায় রঘুনাথপুর শহরের উন্নয়ন এবং প্রতিটি রাস্তা সারাইয়ের দাবির আবেদন জানালেও কিছু কাজ হয়নি। তাই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

পুর প্রশাসক তরণী বাউরি কংগ্রেসের এই বিক্ষোভ অবরোধকে কটাক্ষ করে বলেন, কয়েক মাস পর পুর নির্বাচন তাই চমক দেখাতে কংগ্রেসের এই কর্মসূচি। পরে অবশ্য তিনি জানান, কয়েক সপ্তাহ হল দায়িত্ব পেয়েছি। সব কিছু খতিয়ে দেখে পুরবাসীর স্বার্থে কাজ করবে রঘুনাথপুর পুরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *