স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ সেপ্টেম্বর: করোনা আবহের মধ্যে শারদোৎসবের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেই নির্দেশ মেনে এবারে জেলার পুজো কমিটিগুলির সঙ্গে যুক্তদের কোভিড টিকাকরণের কাজ শুরু করলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এর পাশাপাশি খুব তাড়াতাড়ি বিভিন্ন দোকানদার ও কর্মচারীদের ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।

উল্লেখ্য, গত বছরের মতো এবছরও করোনা ভাইরাসের হানায় মৃত্যু হয়েছে বহু মানুষের। সামনেই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গা পূজায় কোভিড প্রোটোকল না মানলে ফের বিপর্যয় ঘনিয়ে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন চিকিৎসকরা। তাই পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে জরুরি বৈঠক করে পুজো নিয়ে একগুচ্ছ সতর্কতা মূলক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবারে সেই নির্দেশিকা মেনে জেলার বড় পুজো কমিটিগুলির সদস্যদের টিকাকরণের কাজ শুরু করলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
জেলাশাসক অরবিন্দ কুমার মীনা বলেন, “মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব পুজো নিয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই পুজো কমিটির সদস্যদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে।” জেলাশাসক আরো বলেন, “ইতিমধ্যেই পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের কোভিড প্রোটোকল মেনে চলতে হবে। পাশাপাশি দোকানদার ও কর্মচারীদের ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসার কাজ শীঘ্রই শুরু হবে।

