পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২ আগস্ট: ‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দেশবাসীর উদ্দেশে ভাষণের সরাসরি সম্প্রচার আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রচারিত হয়। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর দীপক কুমার কর, নিবন্ধক ড: জয়ন্ত কিশোর নন্দী এবং NSS- এর প্রোগ্রাম কো- অর্ডিনেটর ও কর্মসূচির নোডাল অফিসার প্রফেসর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও শিক্ষক- শিক্ষিকা, NSS- এর প্রোগ্রাম অফিসার, হোস্টেল সুপারিনটেনডেন্ট, ওয়ার্ডেন এবং বিপুল সংখ্যক ছাত্র- ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ২০০-রও বেশি যুবক- যুবতীর ‘নেশামুক্তি শপথ’ গ্রহণ। তাঁরা মাদক থেকে দূরে থাকার এবং সমাজে নেশাবিরোধী সচেতনতা গড়ে তোলার অঙ্গীকার করেন।
প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচারে দেশজুড়ে এক কোটিরও বেশি যুবক- যুবতী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরাও অংশগ্রহণ করেন। এই ব্যাপক অংশগ্রহণ নেশামুক্ত ভারত গঠনে যুবসমাজের সক্রিয় ভূমিকার গুরুত্বকে তুলে ধরে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ কর্মসূচির অধীনে আগামী কয়েক সপ্তাহে বিভিন্ন সচেতনতা, ক্রীড়া, যোগ ও সুস্থতা, শপথ গ্রহণ এবং সমাজসেবা মূলক কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। নেশামুক্ত সমাজ ও সুস্থ, দায়িত্বশীল যুবসমাজ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় এই জাতীয় উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

