সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ আগস্ট: শ্রাবণ সোমবারে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়া পাহাড়ের পবিত্র ঝর্ণার জল বাঁকে করে বয়ে নিয়ে আসতে বাঁকুড়ায় ভক্তদের ঢল নেমেছে। প্রায় পঁচিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভক্তরা এক্তেশ্বর শিবমন্দিরে উপস্থিত হয়। দীর্ঘ এই পদযাত্রায় ক্লান্ত ভক্তদের সেবা ও চিকিৎসা পরিষেবার জন্য জেলা হিন্দু মহাসভার উদ্যোগে এক সেবা শিবিরের আয়োজন করা হয়। বিশিষ্ট চিকিৎসকরা অসুস্থ ভক্তদের চিকিৎসা করেন। এছাড়াও ভক্তদের আহার, গরম ও ঠাণ্ডা পানীয়, সরবতের ব্যবস্থা করা হয়।পরিশ্রান্ত ভক্তরা শিবিরে সাময়িক আশ্রয় নেন।

হিন্দু মহাসভার জেলা সহ- সম্পাদক হরসুন্দর দত্ত ও সহ- সভাপতি রাম অবতার আগরওয়াল জানান, প্রায় দুই সহস্রাধিক ভক্তদের সেবার ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও সন্ধ্যায় ভজন কীর্তনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য বাঁকুড়া শহরের মাচানতলা, বড়বাজার, নুতনচটি, লালবাজার সহ বিভিন্ন স্থানে এ ধরনের সেবা শিবিরের আয়োজন করেছে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সংগঠন।

