Congress, Khargapur, একুশে জুলাই শহিদ দিবস পালনে জোর প্রস্তুতি, খড়্গপুরে জেলা কংগ্রেসের প্রস্তুতি সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: প্রদেশ কংগ্রেসের উদ্যোগে চলতি বছরের একুশে জুলাই শহিদ দিবসকে বিশেষ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে খড়্গপুরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় জেলা ও প্রদেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক বার্তা দেন এবং কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, এবারের একুশে জুলাই শহিদ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শহিদ মিনার ময়দানে। কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলায় প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। জেলা স্তরে কর্মী- সমর্থকদের সংগঠিত করা, প্রচার কর্মসূচি গ্রহণ এবং ব্যাপক জনসমাগম নিশ্চিত করার লক্ষ্যে একাধিক প্রস্তুতি সভার আয়োজন করা হচ্ছে।

খড়্গপুরে এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষ, জেলা মিডিয়া ইনচার্জ অনিল শিকারিয়া, অরূপ মুখার্জি, চিরঞ্জীব ভৌমিক, শম্ভুনাথ চট্টোপাধ্যায়- সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শকে সামনে রেখে গণতন্ত্র, সম্প্রীতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেসের আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সংগঠনের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল সাধারণ মানুষকে আগামী একুশে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার আহ্বান জানান। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করেছে এবং সেই আদর্শকে সামনে রেখেই আগামী দিনের লড়াই চালিয়ে যেতে হবে।

জেলা নেতৃত্বের দাবি, এবারের শহিদ দিবসের কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী- সমর্থক অংশগ্রহণ করবেন। সেই লক্ষ্যেই এখন থেকে সাংগঠনিক প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *