Mitsubishi, Japan, Durgapur, সেমিকন্ডাক্টর ইউনিট গড়তে বড় লগ্নির ভাবনা জাপানের মিৎসুবিশির, দুর্গাপুরে জমি পরিদর্শনে আসবেন প্রতিনিধিরা

আমাদের ভারত, ৮ জুলাই: জাপানের শিল্প সংস্থা মিৎসুবিশি পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। বুধবার নাবান্নে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থ সচিব প্রভাত মিশ্রের সঙ্গে সংস্থার প্রতিনিধিদের বৈঠক হয়। এই বৈঠকেই রাজ্যে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় মিৎসুবিসি কেমিক্যাল গ্রুপের দুই প্রতিনিধির সঙ্গে।

রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকল্পের জন্য দুর্গাপুর ও পানাগড়ে জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মিৎসুবিসির প্রতিনিধি দল সম্ভাব্য জমি পরিদর্শনে আসবে। সেই পরিদর্শনের পরেই বিনিয়োগ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শিল্পমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন।

শিল্প মন্ত্রী তাপস রায় জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের আমলে শিল্প নিয়ে কোনো পদক্ষেপই করা হয়নি। তাদের সরকার ইতিমধ্যেই একটি শিল্পনীতি ও একটি বিদ্যুৎ নীতি নিয়ে কাজ করছে। তিনি বলেন, আমরা ২০৩১ সালের মধ্যে বাংলাকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য হবে শিল্প করিডোর, খনি, লজিস্টিক ও শিল্প পার্কের মতো পরিকাঠামোর পাশাপাশি বৃহৎ শিল্পের প্রসার ঘটানো।

তিনি জানান, কেন্দ্র রাজ্যের জন্য একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করবে। দিল্লিতে থাকাকালীন তিনি শুনেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীদের বাংলার কথা ভাবতে বলেছেন। তিনি বলেন, পরবর্তী দিল্লি সফরে গিয়ে তিনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে কলকাতা থেকে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও উত্থাপন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *