করোনার মাঝেই  উৎসবের প্রস্তুতি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ এপ্রিল: লাগামছাড়া সংক্রমণ পরিস্থিতিতে রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই করোনা তার থাবা বসাতে চলেছে। তবে, বাংলা নববর্ষ ও রামনবমী উপলক্ষ্যে করোনার ভ্রুকুটি উড়িয়ে উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলাবাসী। এরইমধ্যে সংক্রমণের নতুন রেকর্ড করে মেদিনীপুর, খড়্গপুর, ডেবরা, শালবনী সহ পশ্চিম মেদিনীপুরে ৩৮ জন আক্রান্ত হয়েছেন।

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর প্রকাশিত রবিবার সকালের রিপোর্টে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় জেলায় ৩৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। যদিও এ পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই। জেলা স্বাস্থ্য দপ্তরের তালিকায় মেদিনীপুরে ১১ জন, খড়্গপুরে ১৪ জন, ডেবরাতে ৪  জন, শালবনীতে ২ জন, গড়বেতায় ১ জন, ক্ষীরপাইয়ে ১ জন ও দাঁতনে ১ জন সহ মোট ৩৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ১৯৬ জন। অর্থাৎ রবিবার ২২, সোমবার ৩৫, মঙ্গলবার ১১, বুধবার ৩০, বৃহস্পতিবার ৪২,  শুক্রবার ১৮ এবং শনিবার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সংক্রমণ  বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলায় ভ্যাকসিন নেওয়ার আগ্রহও বাড়ছে পাল্লা দিয়ে। শনিবার জেলায় মোট করোনা ভ্যাকসিন নিয়েছেন ১৫৭৫৮ জন।

জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন,“ভ্যাকসিনের প্রতি মানুষের উৎসাহ বাড়ছে। চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাঠানোর কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” শুধু ভ্যাকসিন নয়, সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু, স্বাস্থ্য দপ্তরের এইসব উদ্যোগ এবং সতর্ক বার্তার মাঝখানেই চড়ক-গাজন আর রামনবমী’তে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *