জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: দুর্লভ প্রজাতির গোলাপ ফুলের গাছ সংরক্ষণ করছেন পশ্চিম মেদিনীপুরের জকপুরের প্রণবীর মাইতি। প্রায় ২৫০০ থেকে ৩০০০ রকমের লুপ্তপ্রায় প্রজাতির গোলাপ ফুলের গাছ তাঁর বাগানে সংরক্ষিত রয়েছে। বহু পুরনো সংরক্ষিত ও লুপ্তপ্রায় প্রজাতির গোলাপ নিয়ে শিক্ষা এবং গবেষণামূলক কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বাগানের খোঁজ করেন গোলাপ প্রেমীরা। উন্নত প্রজাতির চারা বানানো, হারিয়ে যাওয়া প্রজাতির চারা ফিরে পাওয়া এবং গোলাপের বিশেষ প্রজাতির উপর গবেষণার কাজে এই সংরক্ষণ প্রয়োজন হয়।

উল্লেখ্য, জকপুরের এই গোলাপ ফুলের বাগানটি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ গোলাপ ফুলের বাগান হিসেবেও সুপরিচিত। বিভিন্ন প্রজাতির গোলাপের চারার জন্য দূর দূরান্ত থেকে এই বাগানেই বহু মানুষ আসেন। শুধুমাত্র এই গোলাপের উপর নির্ভরশীল জকপুর গ্ৰামের ৮০ শতাংশ মানুষ। গ্ৰামে বছরে প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকার উপর লেনদেন হয়। গ্ৰামের প্রায় প্রতিটি মানুষ এই গোলাপ থেকে অর্থ উপার্জন করতে সচেষ্ট হন। গ্ৰামের মহিলারাও এই চাষে হাত লাগান।


