পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারি: বালুরঘাটে প্রার্থী তালিকা প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যেই সাত জন প্রার্থীর নাম পরিবর্তন করল তৃণমূল। শুক্রবার এমন ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুরে। নাম ঘোষণার পরেও কেন সাতজন প্রার্থীকে সরাতে হলো তা নিয়ে বালুরঘাটে শুরু হয়েছে দীর্ঘ জল্পনা। যার প্রভাব ভোটব্যাঙ্কেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক মহল।
পুরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাজ্যের ১০৮ টি পুরসভার পাশাপাশি বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডেও তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে রাজ্য তৃণমূল। যেখানে ঘোষণা হবার মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই ফের রদবদল করা হয় কিছু ওয়ার্ডে। যার মধ্যে শুধুমাত্র বালুরঘাট পুরসভাতেই সাতজন প্রার্থীর রদবদল করা হয়েছে। আর যাকে ঘিরে তুমুল আলোড়ন সৃষ্টি হয় খোদ দলের অন্দরেই।
জানা যায়, ৩ নম্বর ওয়ার্ডের প্রথমে প্রার্থী করা হয় অর্চনা ওঁরাও কে যাকে সরিয়ে প্রার্থী করা হয়েছে দুলালী মুর্মুকে। ৪ নম্বর ওয়ার্ডে পিউ রায় সরকার কে সরিয়ে প্রার্থী করা হয়েছে নীতা নন্দীকে। একইভাবে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সম্পা দাস সাহাকে সরিয়ে প্রার্থী করা হয়েছে শিখা মহন্ত সাহা চৌধুরী কে। ১২ নম্বর ওয়ার্ডে পুর্নিমা দাস কে সরিয়ে প্রার্থী করা হয়েছে বিপ্লব খাঁ কে। ১৫ নম্বর ওয়ার্ডে সুব্রত হালদার কে সরিয়ে প্রার্থী করা হয়েছে পল্লব দাসকে। ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা কুন্ডু কে সরিয়ে প্রার্থী করা হয়েছে মুনমুন কর কে। ২৪ নম্বর ওয়ার্ডের মুনমুন কর এর জায়গায় আনা হয়েছে দীপান্বিতা দেব সিংহকে। মাত্র পাঁচ ঘন্টার মধ্যেই শহরে এমন আচমকা সাত প্রার্থী পরিবর্তন হওয়াতে রীতিমতো আলোড়ন ছড়িয়েছে গোটা বালুরঘাটে।

