পুরুলিয়ায় তৃণমূলের তালিকা প্রকাশ হতেই কর্মীদের একাংশের বিক্ষোভ, দলত্যাগ

সাথী দাস, পুরুলিয়া, ৪ ফেব্রুয়ারি: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিক্ষোভ ও দলত্যাগের ঘটনা ঘটল পুরুলিয়ায়। পুরুলিয়া পুরসভা নির্বাচনে টিকিট না পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই দল ছাড়লেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর সহ প্রভাবশালী কয়েকজন নেতা কর্মী। শুধু তাই নয়, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তারা। পুরুলিয়া শহরে জেলা কংগ্রেস কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, পুরুলিয়া শহর সভাপতি প্রদীপ চৌধুরী। দলত্যাগীরা হলেন, বিদায়ী পুরুলিয়া পুর বোর্ডের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুকাইয়া খাতুন ও তাঁর স্বামী আসলাম শের, ৬ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল নেতা শীতল দত্ত ও তাঁর স্ত্রী দুর্বা দত্ত সহ অন্যান্য ওয়ার্ডের প্রচুর তৃণমূল কর্মী।

এবারের নির্বাচনে তৃণমূল টিকিট দেয় যাঁদের তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিদায়ী বোর্ডের পুরপ্রধান শামিম দাদ খান, উপ পুরপ্রধান বৈদ্যনাথ মন্ডল সহ প্রায় ১৫ জন কাউন্সিলর। যে সব ওয়ার্ডে তৃণমূলের ভালো অবস্থা রয়েছে সেই সব কাউন্সিলরদেরই টিকিট দেয়নি দল। আর এতেই অসন্তোষ দেখা দিয়েছে পুরুলিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *