আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: বাইক চালানোর সময় যদি হেলমেট পরা না থাকে তাহলে তিন মাসের জন্য চালকের লাইসেন্স সাসপেন্ড করবে ট্রাফিক পুলিশ। তার সঙ্গে জরিমানা হবে হাজার টাকা। একই সঙ্গে একটি বাইকের তিনজন চাপলে অর্থাৎ ট্রিপল রাইডিং হলে একই শাস্তি বরাদ্দ থাকবে।
পুলিশ মনে করছে এই ধরনের কড়া শাস্তির ব্যবস্থা হলে তবেই ট্রাফিক আইন ভাঙার প্রবণতা কমবে। পুলিশ সূত্রের খবর ইতিমধ্যেই ট্রাফিক আইন ভাঙলে বর্ধিত জরিমানা দিতে হচ্ছে গাড়ি কিংবা বাইক চালকদের। প্রত্যেকদিন কলকাতা পুলিশের আওতায় যতগুলি ট্রাফিক আইন ভাঙার মামলা হয় তার মধ্যে একটি অংশজুড়ে রয়েছে হেলমেট না পড়ে বাইক চালানো ও একটি বাইকের দুইয়ের বেশি বার তিনজন যাতায়াত করা। বৃহস্পতিবার কলকাতায় মোট ১২২৪টি ট্রাফিক মামলা হয়েছে। এরমধ্যে ট্রিপল রাইডিং এর মামলা হয়েছে ১৬৩টি এবং হেলমেট না পারার অভিযোগে ধরা পড়েছেন ৩১৮ জন বাইক চালক। জরিমানা বৃদ্ধি হওয়ার পরও ট্রাফিক আইন ভেঙে বাইক স্কুটি চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। তাই লালবাজারের নতুন নির্দেশ অনুযায়ী ট্রিপল রাইডিং এর ক্ষেত্রে ও হেলমেট না পড়ে বাইক চালানোর ক্ষেত্রে নয়া আইন লাগু করা হচ্ছে। এই দুটি আইনে হাজার টাকা করে জরিমানা ও তার সঙ্গে তিন মাসের জন্য বাইক চালকের লাইসেন্স সাসপেন্ড করার কথা বলা হয়েছে। কলকাতায় প্রত্যেকটি ট্রাফিক গার্ডে সিস্টেম কমিশনারকে বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশের কর্তারা শুক্রবার এই বিষয়ে বৈঠক করেছেন। স্পট ফাইন দিলেও সেই চালকের কাছ থেকে লাইসেন্স নিয়ে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের। তারা আইন মেনে তিন মাসের জন্য সাসপেন্ড করছে লাইসেন্স। এই বিষয়টি মানুষকে জানানোর জন্য প্রচার করা হবে বলে জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে।

