জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ অক্টোবর: জঙ্গলমহল থেকে ফের মাওবাদীদের নামে লেখা পোস্টার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোয়ালতোড় থানার সারাবত এলাকায় সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে পোস্টারগুলি তুলে নিয়ে যায়। মাওবাদীদের নামে লেখা পোস্টারগুলোতে স্থানীয় তৃণমূল নেতা অরুণ পালের মাথা নেওয়ার এবং তৃণমূলের ঝান্ডা ধরলে হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুজোর আগে মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় এই ধরনের পোস্টার পড়েছিল। তবে এই পোস্টারগুলি মাওবাদীদের বলে অস্বীকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, জেলায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। তাদের মূল স্রোতে ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। জেলায় উন্নয়ন হচ্ছে, মানুষ শান্তিতে রয়েছে। তাই কিছু মানুষ সহ্য করতে না পেরে এইসব পোস্টার দিয়ে অশান্তি পাকাতে চাইছে। গোয়ালতোড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

