টানা বৃষ্টিতে জলমগ্ন অশোকনগর ও হাবড়ার বিস্তীর্ণ এলাকা, দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ অক্টোবর: নিম্নচাপের জেরে দু’দিন ধরে লাগাতার ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগরের বহু এলাকা। ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরে জল পেরিয়েই দিন কাটছে। উদাসীন হাবড়া ও অশোকনগর পৌরসভা।

টানা বৃষ্টিতে হাবড়া‌ ও অশোকনগরের পৌরসভার একাধিক জায়গায় জলমগ্ন অবস্থায় রয়েছে। টানা বৃষ্টির জেরে হাবড়া অশোকনগরের বেশ কয়েকটি ওয়ার্ড জলের তলে। এমনকি অনেক জায়গা দীর্ঘদিন ধরেই জলমগ্ন অবস্থায় রয়েছে। জলের ভোগান্তিতে নাজেহাল হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে হাবড়া, অশোকনগরের জল নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান করা হবে বলেও বিভিন্ন নেতারা আশ্বাস দিলেও এখনও হয়নি কোনও সুরাহা।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরেই নাজেহাল অবস্থায় রয়েছে। হাবড়া পৌরসভার ৭, ৮ ও ২১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। এছাড়া অশোকনগর, কল্যাণগড় পৌরসভার ২, ৯, ১৭ ও ২৩ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা জলমগ্ন অবস্থায় হয়ে রয়েছে।

এদিন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী অশোকনগরের বিভিন্ন ওয়ার্ডের জলমগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষকে কিছু ত্রাণের ব্যবস্থা করে দেন। বিধায়ক নারায়ণ গোস্বামী জানায় অতি দ্রুততার সঙ্গে জল নিকাশির ব্যবস্থা করা হবে। পাশাপাশি আগামী বছর যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয় সে জন্য রাজ্য সরকারের সঙ্গে মাস্টার প্ল্যানের ব্যবস্থাও করা হবে। এদিন হাবড়া পৌরসভার পৌর প্রশাসক নারায়ণ সাহা হাবড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করেন। প্রশাসক বলেন, হাবড়া পৌরসভার যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে রয়েছে সেখানে অতি দ্রুততার সঙ্গে জল নিকাশির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *