সাথী দাস, পুরুলিয়া, ৪ ডিসেম্বর: বান্দোয়ান থানার দুয়ারসিনি মোড়ে মাও নামাঙ্কিত পোষ্টার উদ্ধার হল। আজ সকালে ঝাড়খণ্ড লাগোয়া সীমানায় বান্দোয়ান থানার দুয়ারসিনি মোড়ে একটি সরকারী বোর্ডে হিন্দীতে লেখা এই পোষ্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে বান্দোয়ান থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিস এসে পোষ্টার গুলি উদ্ধার করে নিয়ে যায়।
২০০৬ সালে এই দুয়ারসিনি মোড়ে বান্দোয়ান পঞ্চায়েত সমিতির নির্মীয়মান গেস্ট হাউসে বিস্ফোরণ ঘটায়। হিন্দীতে লেখা এই পোস্টারে রয়েছে, ‘নকশাল আন্দোলন কম জোর হচ্ছে, নকশালরা এক সাথেই আছে, নকশালরা বাড়ি ছাড়া রয়েছে, তাদের পরিবারের জন্যে লেভি (টাকা) সংগ্রহ করছি।’ তাই পরিবারগুলির পাশে থাকার জন্য আবেদন জানানো হয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ এই পোষ্টারগুলি ঝাড়খণ্ড থেকে এই এলাকায় কেউ এসে লাগিয়ে গেছে। এই মোড় থেকে মাত্র ৩০০ মিটার দূরে ঝাড়খন্ড। আশেপাশের গ্রামগুলিও ঝাড়খণ্ড রাজ্যে। ফলে ঝাড়খন্ডের লোকজন বেশী আসা যাওয়া করে।

প্রসঙ্গত, পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ) সপ্তাহ পালন করে তারা। প্রতি বছর ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মাওবাদীরা পিএলজিএ সপ্তাহ পালন করে। নাশকতার ঘটনা ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে জনমানসে আতঙ্কের সৃস্টি করে তারা। এদিকে এই পোষ্টারের ঘটনার কথা স্বীকার করেছে পুরুলিয়া জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ জানান, ‘তদন্ত শুরু হয়েছে।’

