আমাদের ভারত, ৪ ডিসেম্বর: ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। পশ্চিমবঙ্গের উপকূলের দিকে হেলে ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। শুক্রবার সেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ২২ কিমি গতিবেগে এগিয়ে আসছিল উত্তর- পশ্চিম এর অভিমুখে।
আবহাওয়াবিদদের ধারণা ছিল এই যাত্রা পথে জাওয়াদ শক্তি সঞ্চয় করবে। আজ শনিবার সকালের দিকে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উপকূলের কাছাকাছি চলে আসবে। উত্তর-পশ্চিম অভিমুখে থাকা জাওয়াদ এরপর উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ধেয়ে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে তা ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ঝড়ের দাপট কমলেও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর থেকে জানা যায় আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই এই বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে।
শক্তি কমলেও প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি রাখা হচ্ছে। উপকূলবর্তী জেলা, কলকাতা, হাওড়ায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। এনডিআরএফ ও এসডিআরএফ বিভিন্ন জায়গায় নজরদারি করছে। পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী গ্রামগুলি থেকে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উপকূল এলাকায় ৪৩টি মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে। এনডিআরএফ টিম দীঘা উপকূলে নজরদারি বাড়িয়েছে। সুন্দরবন এলাকায় বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

