সাথী দাস, পুরুলিয়া, ৪ ডিসেম্বর: পথচারীদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়ে ‘নো এক্সিডেন্ট ডে’ পালন করছে পুরুলিয়া জেলা পুলিশ। আজ পুরুলিয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্ঘটনা প্রবণ রাস্তায় শিবির করে পথচারীদের সচেতন ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করে পুলিশ। গাড়ি থামিয়ে গোলাপ ফুল ও টফি গাড়ির চালক, আরোহীদের হাতে তুলে দিয়ে এই বার্তা পৌঁছে দিতে দেখা যায় পুলিশকে।

পুরুলিয়া শহরের রাঁচি রোডে এমনই দুর্ঘটনাপ্রবণ স্থানে পুরুলিয়া সদর থানার উদ্যোগে এই বিশেষ কর্মসূচি হয়। ট্রাফিক আইন মানার জন্য পথচারীদের পরামর্শ দেন আধিকারিকরা। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পিনাকি দত্ত, সদর থানার ইন্সপেক্টর দেবাশীষ ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। গোলাপ ফুল দিয়ে পথচারীদের শুভেচ্ছা জানান তাঁরা। এছাড়া হাতে তুলে দেওয়া হয় টফি।

অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত বলেন, “সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিরই অন্তর্গত এই ‘নো এক্সিডেন্ট ডে’ পালন। আমরা জেলাজুড়ে পথ দুর্ঘটনা কমাতে উদ্যোগী হয়েছি। ট্রাফিক আইন সম্পর্কেও পথচারীদের অবগত করছি।”

