অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ ডিসেম্বর: ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে এলাকায় ক্ষয়ক্ষতি আটকাতে সচেতনতা মূলক প্রচার অভিযান করল গোপীবল্লভপুর থানা ও বেলিয়াবেড়া থানা। শনিবার সকাল থেকে এই দুই থানার বিশেষ প্রচার গাড়ি গ্রামে গ্রামে মাইকিং করে মানুষকে সচেতন করে। এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় জাওয়াদ
স্থলভাগের উপর আছড়ে পড়তে পারে। যার কারণে আগামী দু’দিন এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই যারা মাটির বাড়িতে থাকেন তাদের পাশাপাশি কোনও পাকা বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সঙ্গে বলা হয় কোনও ধরনের অসুবিধার সম্মুখীন হলে সবাই যেন প্রশাসনের সাহায্য নেন।
উল্লেখ্য, এই শীতের মরসুমে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায় কয়েকদিন ধরে উদ্বিগ্ন প্রশাসন। মূলত ধান এবং আলু চাষের ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করে সর্বত্র সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে, যাতে চাষিরা বৃষ্টির আগে নিজেদের চাষ গুছাতে পারেন। সঙ্গে ঝড়ের কারণে প্রাণহানী এবং ক্ষয়ক্ষতি রুখতে সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। সেই অনুযায়ী গোপীবল্লভপুর এলাকা ও বেলিয়াবেড়া এলাকার সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকতে পারেন তার জন্য পুলিশের এই প্রচার অভিযান বলে জানা গেছে।

