স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৪ ডিসেম্বর: বিধ্বংসী আগুনে ভস্মীভূত ধানের গাদা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের হাটগাও এলাকার। অগ্রহায়ণ মাসে কৃষকরা তাদের জমির ধান কেটে বাড়ির উঠোনে জমিয়ে রাখে। সেই ধানের গাদায় হঠাৎই আগুন লেগে যায়। ঘটনায় ক্ষতির সম্মুখীন কৃষকরা। স্থানীয় এক কৃষক জানান, প্রায় ১২৫ কুইন্টাল ধান পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই ভয়াবহ এই আগুন লেগে নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণ ধান।

কি করে আগুন লাগল তা কেউ এখনও বুঝতে পারছে না কেউ। দমকল বাহিনীর আধিকারিক রফিকুল ইসলাম জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এলাকার বাসিন্দাদের সাহায্য নিয়ে দু’টি পাম্প বসানো হয়েছে। একটি ইঞ্জিন এসেছে এবং কি করে আগুন লেগেছে সেটা এখনই বলা সম্ভব নয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


