বহরমপুরে চাকরি প্রার্থীদের লাইনে চরম বিশৃঙ্খলা, থামাতে লাঠি চার্জ পুলিশের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ ডিসেম্বর: মন্ত্রী হুমায়ুন কবিরের উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলার প্রেরণা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার ১২০০ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয় দিন কয়েক আগে। সেইমতো বহরমপুর স্টেডিয়াম মাঠে শনিবার সংস্থার পক্ষ থেকে কর্মসংস্থানের জন্য ফর্ম জমা নেওয়ার প্রস্তুতি শুরু হয়। ফর্ম জমা দিতে মাঠে হাজির হয় মুর্শিদাবাদ জেলার প্রায় তিন লক্ষ শিক্ষিত বেকার যুবক। সকাল থেকে তাদের লম্বা লাইনে বিশৃঙ্খলা দেখা দেয়। ফর্ম আগে জমা দেওয়ার জন্য লাইনের মধ্যেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে লাইনের মাঝে লাঠি চার্জ করে পুলিশ।

চাকরি প্রার্থী চিরঞ্জিত মন্ডল বলেন, “লকডাউনের সুযোগে সরকার চাকরি বন্ধ করে দিয়েছে, প্রাইমারি থেকে আপার, হাইস্কুল, ক্লার্ক লক্ষ লক্ষ শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। তাই আমাদের এই অবস্থা। “এখান থেকেই প্রশ্ন উঠেছে বেকারত্বের জ্বালা নিয়ে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল মুর্শিদাবাদ জেলার বেকার যুবকদের জন্য বিশিষ্ট সমাজসেবী মন্ত্রী ডঃ হুমায়ুন কবির এল অ্যান্ড টি (আন্তর্জাতিক সংস্থা) কোম্পানির সঙ্গে কথা বলে, বারোশো (১২০০) ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখানে যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পাস। বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। শনিবার ইন্টারভিউয়ের জন্য প্রত্যেক প্রার্থীকে নিজের বায়োডাটা সহ বহরমপুর স্কুয়ার ফিল্ড এসডিও বাংলোর সন্নিকটে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল।

চাকরি প্রার্থী সাহিন সেখ জানান, “ভাবলাম দশ বারো হাজার টাকার বেতন, সরকারি চাকরি যেহুতু নেই, আপাতত প্রেরণা সংস্থায় যাই, কিন্তু এতো দেখছি পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক হাজির তাহ‌লে আর কী করে হবে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *