সাথী দাস, পুরুলিয়া, ৬ সেপ্টেম্বর: আবারও মাও নামাঙ্কিত পোষ্টারে ছয়লাপ হল পুরুলিয়ার বরাবাজার। বরাবাজার ব্লকের ভূমি সংস্কার আধিকারিক ও মানবাজার মহকুমাশাসককে খুনের হুমকির পোস্টারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সাধারণ মানুষকে হেনস্তা করছে এই দুই আধিকারিক, এই অভিযোগ মাওআদালতে তাঁরা অপরাধী। তাই, মৃত্যুর জন্য তৈরি হওয়ার হুঁশিয়ারী দেওয়া হয়েছে ওই পোস্টারে। মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি বরাবাজার থানার মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকায় দেখা গিয়েছে। বিদ্যুতের খুঁটিতে সহ একাধিক বাড়ির দেওয়ালে লাগানো হয়েছে। বাংলায় সাদা কাগজের ওপর লালকালিতে সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ।

পোস্টারের গণতন্ত্র বাঁচাতে মাওবাদীদের দলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। পুঁজিবাদ দূর করতে সাধারণ মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে। “রাজ্যসরকার ও কেন্দ্র সরকারের কালাকানুন দূর হাটো। সারা দেশে মাও শাসন প্রতিষ্ঠা করতে সাধারন মানুষ এক হও।” এই সব কথা লেখা রয়েছে পোষ্টারগুলিতে। খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশের পদস্থ আধিকারিকরা। সব কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে খুব কম সময়ের মধ্যে মাও নামাঙ্কিত পোষ্টার পড়ায় চাপে রয়েছে পুলিশ।

