সাথী দাস, পুরুলিয়া, ৯ জানুয়ারি: কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া সহ সাধারণ মানুষকে ‘শোষণকারীদের’ মেরে ফেলারও হুমকি দেওয়া মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার বরাবাজারে। বরাবাজার ব্লকের বেড়াদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকুরচাড়ি মোড় সংলগ্ন এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আজ ভোরে স্থানীয় মানুষ এই মাও নামাঙ্কিত পোস্টারগুলি মোড়ের সরকারি প্রকল্পের বোর্ড, বিদ্যুতের খুঁটি সহ বিভিন্ন স্থানে দেখতে পান। আর তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

লাল কালিতে লেখা পোস্টারে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া সহ সাধারণ মানুষকে শোষণকারী ব্যক্তিদের মেরে ফেলারও হুমকির কথা লেখা রয়েছে। বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোষ্টারগুলি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পোস্টার প্রসঙ্গে বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেতা প্রতুল মাহাতো বলেন, “এটা বিরোধীদের চক্রান্ত। ভুল বুঝতে পেরে এখন বিজেপি ও সিপিএম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। কিছু মদ্যপকে দিয়ে এই সব কাজ করাচ্ছে বিরোধীরা। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বার বার এইভাবে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এই কারণে সোমবার পুলিশের সঙ্গে একটি বৈঠক করব।”

পোস্টারের বিষয়ে বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “এই ভাষা নিপীড়িত বঞ্চিত মানুষের। বিভিন্ন মাধ্যমে তা পরিস্ফুট হচ্ছে। মাওবাদীদের হোক বা না হোক বাস্তব অভিজ্ঞতা থেকে এই শোষণের কথা বলা হয়েছে। আমরা চাই শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষের প্রকৃত উন্নয়ন হোক। দুর্নীতি নয়।”

