পৌরসভা নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা জমা নিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জানুয়ারি: পৌরসভা নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে বায়োডাটা জমা নিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বায়োডাটা জমা দিলেন খোদ বিধায়কের ছোট ছেলে ইমদাদ চৌধুরীও। শনিবার সন্ধেয় ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন তৃণমূল কার্যালয়ে এই বায়োডাটাগুলি জমা নেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। যদিও এ ব্যাপারে কিছুই জানেন না জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল।

এই প্রথমবার ইসলামপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের থেকে বায়োডাটা জমা নিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। যারা যারা প্রার্থী হতে ইচ্ছুক তারাই বায়োডাটা জমা দিলেন বিধায়কের কাছে।

ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, তিনি জানতে চেয়েছেন কারা কারা প্রার্থী হতে ইচ্ছুক। কারণ প্রার্থী ঘোষণা হওয়ার পরে অনেক কর্মীরা বলেন, তাকে প্রার্থী করা হল না, বা উনাকে কেন প্রার্থী করা হল না এবং যারা পুরনো পৌরসভার সদস্য ছিল তাদের কাছ থেকে এই বায়োডাটাগুলি নেওয়ার পাশাপাশি যারা নতুন কর্মী রয়েছে তাদের কাছ থেকেও বায়োডাটা জমা নিচ্ছেন তিনি। এখনো পর্যন্ত প্রায় ৪০ জনেরও বেশি ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা জমা দিয়েছেন। তিনি এই বায়োডাটার মাধ্যমে চুড়ান্ত প্রার্থী তালিকা করে দলের উপর মহলে পাঠিয়ে দেবেন। দলের উপর মহল থেকে নেতৃত্বরা বিবেচনা করে দেখে তাঁকে জানাবেন বলে জানান তিনি।

তবে প্রার্থী তালিকা পাঠানোর আগে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও টাউন সভাপতি গঙ্গেস দে সরকারের সঙ্গে একান্ত বৈঠক করবেন বিধায়ক। সোমবার অথবা মঙ্গলবার বৈঠকের জন্য জেলা সভাপতি ও টাউন সভাপতিকে বৈঠকের জন্য চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও এব্যাপারে কিছুই জানেন না জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কানাই বাবু বলেন, দল থেকে এমন কোনও নির্দেশিকা আসেনি এবং ঘটনার সম্পর্কে তিনি কিছুই জানেন না।

অপরদিকে বিজেপির জেলা সহ সভাপতি সুরজিত সেন বলেন, ইসলামপুরে তৃণমূলের অনেকগুলো গোষ্ঠী রয়েছে। এই ঘটনা তারই অঙ্গ। যদিও এটা তৃণমূলের নিজস্ব ব্যাপার। তা নিয়ে তৃণমূলের নেতৃত্বরাই বলতে পারবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *