স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জানুয়ারি: এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গন্ডালের ভাটপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের সশস্ত্র এক ডাকাত দল হানা দেয় স্বর্ণ ব্যবসায়ী দীপক প্রামাণিকের বাড়িতে। পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি বেঁধে রেখে চলে লুঠপাট ও ভাঙ্গচুর। বেশ কিছুক্ষণ সময় ধরে চলে ডাকাত দলের তাণ্ডব। চলে বোমাবাজি। ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে সোনার অলঙ্কার, নগদ টাকা মিলিয়ে কয়েক লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়।
দীপক প্রামাণিকের দাবি, অধিক রাতে আচমকাই একদল ডাকাত বাড়িতে ঢুকে পড়ে। দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আমাদের মারধর করে আলমারি ভেঙ্গে টাকা সহ সোনার গয়না নিয়ে যায়। এর আগেও এই গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে, অথচ পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

এদিকে গ্রামবাসীরা বলেন, গণ্ডাল বাজারে দীপকবাবুর সোনার দোকান রয়েছে। বাড়িতে ক্রেতাদের বানানো অনেক সোনা ও রুপোর গয়না সহ নগদ টাকা পালিয়েছে দুষ্কৃতীরা৷ পালানোর সময় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি করতে বোমাবাজি করে ডাকাত দলের সদস্যরা৷” ডাকাতদের মারে গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন। মাটিতে পড়ে থাকতে দেখা যায় বোমার সুতলি৷ এমনকি ডাকাতরা ফেলে দিয়ে গেছে একটি বড় হাতুড়িও৷
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকুলিয়া থানার পুলিশ৷ ডাকাতদের খোঁজে চলছে তল্লাশি।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খুব তাড়াতাড়ি দোষীরা ধরা পরবে বলে আশাবাদী তিনি।

