আমাদের ভারত, দার্জিলিং, ২৪ ডিসেম্বর: বিশেষ অভিযানে সফলতা পেল দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার পুলিশ। প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় খরিবাড়ি থানার পুলিশ। ধৃত দুজনের মধ্যে একজন মহিলা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে, পানিট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে কল্যাণ রায় নামে এক ব্যক্তিকে ১ কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে মালদার রুলেখা খাতুন নামে আরো এক মহিলার হদিশ পায় পুলিশ। তার কাছে অভিযান চালিয়ে আরো ১ কেজি ব্রাউন সুগার সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
এদিন সকালে শিলিগুড়ির শুকনা থানায় সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার বলেন, দুজনেরই বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

