অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ জানুয়ারি: কমবয়সীদের মধ্যে করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। ঘুড়িতে মাস্ক স্যানিটাইজার ব্যবহারের স্টিকার লাগিয়ে ঘুড়ি বিতরণ করল পুলিশ।

রাজ্য তথা দেশব্যাপী শুরু হয়েছে মহামারি করোনার তৃতীয় ঢেউ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এবারে কমবয়সীদের মধ্যে করোনা আক্রান্ত হাওয়ার সম্ভাবনা বেশি।তাই বছরের প্রথম থেকে স্কুল পড়ুয়াদের করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন হয়েছে কম বয়সী স্কুল পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা। স্বাভাবিকভাবেই এলাকার ছেলেমেয়েদের মধ্যে করোনা সচেতনতায় অভিনব উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন। কমবয়সীরা যাতে খেলার ছলে মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজারের ব্যবহার সম্পর্কে সচেতন হতে পারে তার জন্য ঘুড়ি বিতরণ করল। পুলিশের বিতরণ করা ঘুড়িতে ছোটদের আকর্ষণীয় করে তুলতে লাগানো হয়েছে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের সচেতনতামূলক স্টিকার।
এদিন গোপীবল্লভপুর থানার এসআই পার্থ সারথি দে, এএসআই স্বদেশ, প্রামাণিকের নেতৃত্বে গোপীবল্লভপুর বাজার এলাকায় মোট ২০ জন কমবয়সী ছেলের হাতে এই ঘুড়ি বিতরণ করা হয়।

এবিষয়ে এএসআই স্বদেশ প্রামাণিক বলেন, খেলার মাঠ থেকে যাতে কমবয়সীরা করোনা বিষয়ে সচেতন হতে পারে সাথে পরিবারের লোকজন সচেতন হতে পারেন তার জন্য ঘুড়িতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের সচেতনতামূলক স্টিকার লাগিয়ে ঘুড়ি বিতরণ করা হচ্ছে। এর পরে আরো নতুন কিছু করে সাধারণ মানুষকে যাতে আরো বেশি সচেতন করতে পারি সে বিষয়ে আমরা চেষ্টা করছি। পাশাপাশি জঙ্গলমহলের ঐতিহ্যবাহী মকর উৎসবের আগে এলাকায় করোনা সংক্রমণ ঠেকাতে পুলিশের পক্ষ থেকে এদিন গোপীবল্লভপুর থানার এলাকার বেশ কয়েকটি জনবহুল এলাকাকে পুলিশের পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়।

