পঞ্চাশ শতাংশ নিমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠানের দাবি, রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জানুয়ারি: পঞ্চাশ জন নয় পঞ্চাশ শতাংশ নিমন্ত্রিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান করার দাবিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করল উত্তর দিনাজপুর ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। বিবাহ, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানে সরকারি বিধিনিষেধের প্রতিবাদে আন্দোলনে নামলো তারা। রায়গঞ্জ শহরের ঘড়ির মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হল রায়গঞ্জের ক্যাটারার ব্যাবসায়ীরা।

অতিমারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কড়া
বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। বিবাহ, অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি নিয়ে অনুষ্ঠান করা যাবে না, এই বিধিনিষেধও জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই বিধিনিষেধের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উত্তর দিনাজপুর জেলা তথা রায়গঞ্জের ক্যাটারিং ব্যাবসায়ীরা। এর পাশাপাশি প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও পথসভা করল রায়গঞ্জের ক্যাটারিং ব্যাবসায়ীরা।

রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে উত্তর দিনাজপুর ক্যাটারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। পথসভা করার পাশাপাশি ঘড়িমোড়ে পথ অবরোধ আন্দোলনেও শামিল হন তারা। প্রথমে রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে ক্যাটারিং ব্যাবসায়ীদের এই বিক্ষোভ মিছিল রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। এরপর ঘড়িমোড়ে পথসভা করার পর সেখানেই নেতাজী সুভাষ রোড অবরোধ করে আন্দোলন করেন তারা।

তাদের দাবি, রাজ্য সরকার অনুষ্ঠানে নিমন্ত্রিতদের নিয়ে যে বিধিনিষেধ জারি করেছে তা পরিবর্তন করার। অনুষ্ঠানগুলিতে ৫০ জন নয় অনুষ্ঠান ভবনগুলির ক্যাপাসিটি অনুযায়ী ৫০ শতাংশ করার অনুমতি দিতে হবে। এই বিষয় নিয়ে উত্তর দিনাজপুর ক্যাটারার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেবে বলে জানা গিয়েছে। তবে পথসভা করার পাশাপাশি আচমকাই রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে পথ অবরোধ করে আন্দোলন শুরু করে উত্তর দিনাজপুর ক্যাটারার্স অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *