বেতনের দাবিতে কৃষ্ণনগর হাসপাতালের নিরাপত্তারক্ষীদের অনশনের ৩ দিন, গুরুতর অসুস্থ অনেকে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ জানুয়ারি: টানা তিন দিন অনশন মঞ্চে, এবার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক অনশনকারী। অনশনকারীদের মধ্যে ৪৫ জন শুরু এবং ৫ জন মহিলা রয়েছেন। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালির সদর হাসপাতালের ঘটনা।

উল্লেখ্য কৃষ্ণনগর সদর হাসপাতাল এবং শক্তিনগর জেলা হাসপাতালে একাধিক নিরাপত্তা রক্ষীরা টানা আট মাস কাজ করেছেন। কিন্তু অভিযোগ, আট মাস ধরেi তাদের বেতন বন্ধ রয়েছে। একাধিকবার লিখিতভাবে দুই হাসপাতালে সুপারকে এ বিষয়ে জানানো হয়েছে। হাসপাতালের তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কোভিড পরিস্থিতিতে নিজের জীবন ঝুঁকি রেখে কাজ করেও কোনও টাকা পায়নি তারা। এরপর জেলা স্বাস্থ্য দপ্তরে এবং নদিয়া জেলা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছে তারা। তাতেও কোনো সুরাহা হয়নি। অবশেষে ৩ দিন আগে কৃষ্ণনগর সদর হাসপাতালের পাশে একটি মঞ্চ বেঁধে অনশনে বসে নিরাপত্তারক্ষীরা। শুধু তাই নয় সেদিন তারা সদর হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায়।

সুপারের দাবি, যেহেতু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কোনো টাকা হাতে আসেনি সেই কারণেই তাদের টাকা দিতে পারেননি। টাকার দাবিতে এখনো অনশন করছেন নিরাপত্তারক্ষীরা। এদিন অনশনরত কয়েকজন সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

অনশনকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে তারা যাতে সঠিকভাবে তাদের মজুরি পান সে বিষয়ে স্বাস্থ্য দপ্তর থেকে যতক্ষণ না তাদের আশ্বাস দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এই অনশন চালিয়ে যাবে। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *