পুরুলিয়ার জয়পুরে নাকা তল্লাশি চালাতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: নাকা তল্লাশি চালাতে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। সোমবার রাতে জয়পুর থানার পুন্দাগ ফাঁড়ির অধীনে পুন্দাগ এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময়ে ঝাড়খন্ডের দিক থেকে আসা এক বাইক আরোহীকে আটকে তার তল্লাশি চালানো হয়। ওই বাইক আরোহীর কাছ থেকে একটি ৭.৬৩ বোরের পিস্তল উদ্ধার হয়। সঙ্গে ছিল তিন রাউন্ড তাজা কার্তুজ।

পুলিশ জানায়, ধৃত বাইক আরোহীর নাম সন্তোষ সিং, তাঁর বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বোকারো জেলার নিউকলোনি কুমিডি এলাকায়। এদিন পুলিশ ধৃত বাইক আরোহী সন্তোষ সিংকে অস্ত্র আইনে গ্রেফতার করে। ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হলে তার তিন দিনের পুলিশ হেফাজত হয়। ওই যুবক আগ্নেয়াস্ত্র কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো, কোথা থেকে ওই অস্ত্র পেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে কোনো দুষ্কৃতীর দল জড়িত আছে কি না তাও জানার চেষ্টা করছে জয়পুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *