সাথী দাস, পুরুলিয়া, ১৫ ফেব্রুয়ারি: ইস্তেহার প্রকাশ করে পুরুলিয়া পুরসভার বিদায়ী বোর্ডের কাজ নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন চেয়ারম্যান তথা কংগ্রেস প্রার্থী শামিম দাদ খান। আজ কংগ্রেসের জেলা কার্যালয়ে দলীয় ওই অনুষ্ঠানে বিগত তৃণমূল বোর্ডের কাজ নিয়ে সমালোচনা করেন নেতারা।
প্রসঙ্গত উল্লেখ, বিদায়ী তৃণমূল বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রবীণ শামিম দাদ খান। তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁকে বাদ দেওয়ার পরই তিনি ও তাঁর ছেলে বিদায়ী কাউন্সিলার সোহেল দাদ খান কংগ্রেসে যোগ দেন। তারপর থেকেই পুরনো দলের বিরূদ্ধে প্রচার অভিযান শুরু করেছেন তিনি। আজ কংগ্রেস ভবনে জেলা সভাপতি নেপাল মাহাতো দলীয় ইস্তেহার প্রকাশ করেন। ইস্তেহারে কংগ্রেস পুর বোর্ড গঠন করার প্রত্যাশা করা হয়। একই সঙ্গে ১২ টি প্রতিশ্রুতি দেওয়া হয়। যার মধ্যে সাধারণ পরিষেবা আরও উন্নীত করা ছাড়াও বিভিন্ন নতুন প্রকল্প রূপায়ণের কথা বলা হয়েছে। একই সঙ্গে বিগত তৃণমূল বোর্ডের কাজের বিষয়ে কঠোর ভাষায় সমালোচনা করা হয়েছে। কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে আশঙ্কা প্রকাশ করে রাজ্য নির্বাচন দফতরে জানান। যদিও প্রশাসনের পক্ষে তাঁকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে, দুয়ারে সরকার কর্মসূচিতে কোনও দলের নেতা নেত্রীর ছবি ব্যবহার করা হবে না। এছাড়া নতুন করে কোনও সুবিধা প্রাপকদের নাম নথিভুক্ত করা হবে না।

এদিকে পুরুলিয়া পুরসভার নলবাহিত জল সংযোগ, সাহেব বাঁধের সংস্কার ও সৌন্দর্যায়ন সহ বিভিন্ন প্রকল্প রিপোর্ট করা হলেও পুর বোর্ড রূপায়ণ করেনি বলে শামিম দাদ খানের অভিযোগ নস্যাৎ করেছেন বিদায়ী প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন নবেন্দু মাহালি। তিনি বলেন, যিনি অভিযোগ করছেন তিনিই একবার ভাইস চেয়ারম্যান, একবার চেয়ারম্যান এবং প্রশাসনিক বোর্ডের চেয়ার পার্সন ছিলেন। তিনি ওই বিষয়গুলোয় কী কাজ করেছেন এটা আজ তাঁর কাছ থেকেই জানা গেল। এটা পুরবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল।

