রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে রায়গঞ্জে তৎপর পুলিশ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ মে: রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে তৎপর রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের যেসব দোকানপাট ব্যাবসায়ী প্রতিষ্ঠান আংশিক লকডাউনের নিয়ম ভেঙে দোকান চালাচ্ছিলেন তাদের দোকান বন্ধ করে দেয় পুলিশ। এর পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে মাস্কের ব্যাবহার ও লকডাউনের বিধিনিয়ম প্রচারও করল রায়গঞ্জ থানার পুলিশ।

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। জেলা সদর রায়গঞ্জ শহরে প্রতিদিনই বেড়ে চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা। বেড়ে চলেছে মৃত্যুর হারও। এমতাবস্থায় রাজ্য প্রশাসন রাজ্যজুড়ে আংশিক লকডাউনের ঘোষণা করে। শপিংমল থেকে শুরু করে সিনেমা হল, বার, রেষ্টুরেন্ট থেকে স্পা, জিম, সুইমিংপুল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। সকাল ৭ টা থেকে সকাল
১০টা পর্যন্ত এবং বিকেল ৩টে থেকে ৫ টা পর্যন্ত শুধুমাত্র বাজার হাট দোকানপাট খোলা থাকবে। বাকি সময় বন্ধ রাখতে হবে সবকিছু। রাজ্য সরকারের এই নির্দেশকে কার্যকর করতে রবিবার ভোট গণনা শেষ হতেই তৎপর হয়ে ওঠে রায়গঞ্জ থানার পুলিশ। বেলা ১২টা নাগাদ রায়গঞ্জ শহরের ক্ষুদিরাম সরণী থেকে শুরু করে নিশীথ সরণীতে লকডাউন অভিযানে নামে পুলিশ। নির্দিষ্ট সময়ের পরেও শহরের দোকান ও ব্যাবসায়ী প্রতিষ্ঠানগুলো খোলা রাখায় তাদের দোকান বন্ধ করে দেয় পুলিশ। এর পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। মাইকিংয়ের মাধ্যমে শহরের দোকানদার ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *