সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মে: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। সোমবার সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তে। মৃত ওই যুবকের নাম বিশব মজুমদার। গাইঘাটার বৈকারা এলাকার বাসিন্দা। পেশায় ট্রাক চালক। পুলিশ ওই মারুতি সহ চালককে আটক করে।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে ওই যুবক বাইক চালিয়ে পেট্রাপোল সীমান্তের সেন্টাল পার্কিংয়ে যাচ্ছিল। সেই সময় কলকাতাগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইক আরোহীকে মুখমুখি ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বনগাঁ মহকুমা হাসপাতে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

পরিবার সূত্রের খবর, বৃদ্ধ বাবা মা ও তিন বছরের এক মেয়েকে নিয়ে তার সংসার। পরিবারের এক মাত্র উপার্জনশীল বলতে বিশব। কি ভাবে এখন তার পরিবার চলবে তা নিয়ে চিন্তায় স্থানীয় প্রতিবেশীরা। বিশবের মৃত্যু ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

