রাজেন রায়, কলকাতা, ৩ মে: ভোট পর্ব শেষ। এবার সরকারের মূল লক্ষ্য মানুষকে টিকাকরণ। যাতে মানুষ করোনা ভাইরাসের ভয়াল আক্রমণ থেকে মুক্ত হতে পারেন। আর মানুষ যাতে এবার সহজেই টিকাকরণ কেন্দ্রের খোঁজ পান, তাই ভারতীয়দের জন্য একটি নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
এই নয়া ফিচারে আপনার বাড়ির সামনেই কোথায় কোভিড টিকাকরণ কেন্দ্র রয়েছে, তার সন্ধান পেয়ে যাবেন। সম্প্রতি একটি টুইট করে এই ডেভেলপমেন্টের কথা জানান হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের প্রধান উইল কাথকার্ট। তাঁর কথায়, ‘এই ফিচার ভারতীয়দের খুবই সাহায্য করবে।’
এই ফিচার কাজে আসবে এবং স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন পার্টনার থেকে শুরু করে হেল্পলাইন একত্রিত হয়ে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের মধ্যে দিয়েই কোভিড টিকাকরণ কেন্দ্র খুঁজে দেবে ইউজারদের। বিশেষ এই ফাংশন যোগ করা হয়েছে, হোয়াটসঅ্যাপের ‘মাই গভ করোনা হেল্পডেস্ক’ এর চ্যাটবোটে। মনে রাখা জরুরি যে, এই চ্যাটবোট লঞ্চ করা হয়েছিল, সারা বিশ্বজুড়েই করোনার প্রথম পর্যায়ের ঢেউ আছড়ে পড়ার পরই। তার পর থেকেই করোনার একাধিক জরুরি তথ্য জানতে ইউজারদের কাজে এসেছে এই ফিচার। এবার সেই ফিচারেই কোভিডের ভ্যাকসিন সংক্রান্ত বিভিন্ন তথ্যও জানতে পারবেন ইউজারেরা।
আপনার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্র কোথায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কী ভাবে জানবেন?
* প্রথমেই আপনার কন্ট্যাক্ট লিস্টে +৯১ ৯০১৩১৫১৫১৫ নম্বরটি সেভ করে রাখুন। এটিই হল ভারত সরকারের করোনা হেল্পডেস্ক নম্বর।
* এবার আপনি সেই নম্বরে চ্যাট শুরু করুন।
* আপনার কাছে একটি অটোমেটেড উত্তর আসবে। সেই মেসেজে থাকবে এমারজেন্সি কিছু কন্ট্যাক্টস। এছাড়াও থাকবে কী ভাবে আরোগ্য সেতু অ্যাপের সঙ্গে লিঙ্ক করবেন এবং সেই সংক্রান্ত কিছু প্রশ্নও আপনাকে করা হবে।
* চ্যাটে আপনার পছন্দসই উত্তর দিয়ে দিন এবং আপনাকে তারপরই বেছে নিতে হবে কোভিড টিকাকরণ কেন্দ্র। অপশনের প্রথমেই থাকবে টিকাকরণ কেন্দ্র এবং ভ্যাকসিন সংক্রান্ত অন্যান্য আরও তথ্য।
* একটা বিষয় মাথায় রাখবেন যে, এই চ্যাটবোট থেকে অটোমেটিক্যালি উত্তর আসতে ১ মিনিট বা তার খুব সামান্য বেশি সময় লাগতে পারে।
অধৈর্য্য হবেন না, উত্তর আপনার কাছে ঠিক আসবেই। আর ভাবছেন কী, সেভ করুন নম্বর আর শুরু করুন চ্যাট।

