বিশেষ প্রতিনিধি, আমাদের ভারত, ৩ ডিসেম্বর: ঘূর্ণিঝড়ের মোকাবিলায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এডিআরএফ সহ সেনা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। এই অকাল ঘূর্ণিঝড়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় তাণ্ডবলীলা চালালে দ্রুত দুর্গত মানুষদের উদ্ধার করতে হবে। ত্রাণকার্য যাতে দ্রুত পৌঁছয় তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাওয়াদ ঘূর্নিঝড়ের প্রভাবে ফের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কীভাবে কাজ করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হতে পারে সুন্দরবন এলাকায়। ইতিমধ্যেই নিচু জায়গাগুলির বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। নদী বাঁধ গুলি ঘুরে দেখছেন প্রশাসনিক কর্তারা। পর্যাপ্ত পানীয় জল ও শুকনো খাবার মজুদ করে রাখার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

