আমাদের ভারত, ৬ মে:দেশজুড়ে মসজিদে মাইক বাজানো বিতর্কের মাঝে বড় রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছে মসজিদে মাইক বাজানো সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এই ধরনের কোনো কথা সংবিধানে লেখা নেই। মসজিদে মাইক বাজানোর দাবিতে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ মসজিদে মাইক লাগানো সাংবিধানিক অধিকার নয়।
২০২১-র ৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের বোঁদায়ু জেলার ধরানপুর গ্রামে নুরি মসজিদে মাইক লাগানোর অনুমতি চেয়েছিল ইরফান নামের এক ব্যক্তি। কিন্তু সেই অনুমতি দেননি অতিরিক্ত জেলা শাসক। এরপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় ইরফান। তিনি দাবি করেন, জেলাশাসকের নির্দেশ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধানের পরিপন্থী। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গেল। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার বিড়লা এবং বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ে বলা হয়েছে, লাউডস্পিকার সংবিধানের মৌলিক অধিকার নয়।
সম্প্রতি মসজিদে মাইক বাজানো নিয়ে বিবাদ শুরু হয়েছে। মহারাষ্ট্রের মসজিদে মাইক বাজানো বন্ধের দাবিতে সরব মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, মসজিদে মাইক বাজলে মসজিদের বাইরে পাল্টা হনুমান চাল্লিশা চালানো হবে। সেই মতন নানা জায়গায় হনুমান চাল্লিশা বাজানো শুরু করেন তার সমর্থকরা। এই নিয়ে মামলাও দায়ের হয়েছে। অন্যদিকে কর্নাটকেও মাইক নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে।
এদিকে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো খোলা জায়গায় মাইক ব্যবহার করা যাবে না। তবে অডিটোরিয়াম, কনফারেন্স হল, কমিউনিটি হল এবং ব্যাঙ্কোয়েট হলের মত বদ্ধ জায়গায় শব্দমাত্রা মেনে মাইক বাজানো যেতে পারে।

