চিটফান্ডের টাকা ফেরৎ নিয়ে ‘সারা বাংলা দাবি দিবস’ পালন

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৬ মে: শুক্রবার অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বানে সারা বাংলা দাবি দিবস পালন করা হয়।

সংগঠনের রাজ্য সভাপতি রূপম চৌধুরী শুক্রবার এই প্রতিবেদককে জানান, “প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সেবি’র প্রধান অফিস ও পূর্বাঞ্চল অফিসে স্মারকলিপি এবং রাজ্যজুড়ে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সংগঠিত হয়। গত ২৯/৪/২২ কলকাতা হাইকোর্টে সেবি সারদা কোম্পানির টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন, সেবি’র তথ্য মতো আনুমানিক ৩/৪ কোটি টাকা তারা ক্ষতিগ্রস্তদের দেবেন। বাস্তবে এই সংখ্যা ক্ষতিগ্রস্তের সংখ্যার ভগ্নাংশও নয়।

সব কোম্পানির টাকা ফেরতের দায়িত্ব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো অবিলম্বে সময়সীমা জানিয়ে ঘোষণা করতে হবে। কোম্পানি গুলোর তদন্ত ও কত সম্পত্তি সেবি, ইডি, সিবিআই অধিগ্রহণ করেছেন তার শ্বেতপত্র একমাসের মধ্যে প্রকাশ করতে হবে। সম্প্রতি আবার লিজা ও সুরানা সাম্রাজ্য শুধু নয়, অসংখ্য অর্থ লগ্নি সংস্থার নাম না করে অত্যন্ত ধূর্ত কৌশলে মানুষকে নতুন করে প্রতারিত করছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষের বিপুল টাকা লুঠ হয়েছে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাংশ এদের সাহায্য না করলে, কলকাতা সহ সারা দেশে এত লুঠ হওয়া সম্ভব নয়। আমরা বহুপূর্বে উভয় সরকার ও কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্হাকে সতর্ক করেছিলাম।সরকার কোন তৎপরতা ও পদক্ষেপ নেয়নি। আমাদের আজকের দাবী দিবসের পরে সরকার দাবি পূরণ না করলে মে মাসে ও জুন মাসে পরিবার পরিজন নিয়ে আমরন অনশন, প্রয়োজনে কলকাতা ও দিল্লিতে গণ-আত্মহত্যা করতে বাধ্য হব।

ঘটে যাওয়া সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে চলমান আন্দোলনে আপনারা আমাদের পাশে দাঁড়ান। সাহায্য করুন। শত শত মানুষ ইতিমধ্যে আত্মহত্যা করেছেন। লাখ, লাখ মানুষ মৃত্যুর মুখে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *