পুরুলিয়ার সিমনি জঙ্গলে শিকার সহ চিতাবাঘের ছবি বনদফতরের ক্যামেরায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৮ এপ্রিল: ফের পুরুলিয়ার সিমনি জঙ্গলে শিকার সহ চিতাবাঘের ছবি ধরা পড়ল বনদফতরের ক্যামেরায়। লোকালয়ে চলে আসার আশঙ্কা দেখা দিয়েছে। এবার পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ঝাড়খন্ড লাগোয়া সিমনি বিটের জঙ্গলে বনদফতরের ক্যামেরায় ধরা পড়েছে তার উপস্থিতি।

ক্যামেরায় ধরা পড়া ছবি অনুযায়ী, রাতের অন্ধকারে মৃত গবাদি পশুর পাশে মুখ লুকিয়ে রয়েছে চিতাবাঘ। দেখে মনে হচ্ছে, লুকিয়ে নিজের শিকার দিয়ে খিদে মেটাচ্ছে সে। তবে এই চিতাবাঘটিই দু’ মাস আগে ক্যামেরায় ধরা পড়া সেই দক্ষিণরায় কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না পুরুলিয়া বনবিভাগ।

বনবিভাগের আগেই আশঙ্কা ছিল, সিমনি বিটের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া গভীর জঙ্গলে জোড়া চিতাবাঘ রয়েছে। এবার সে বিষয়ে প্রায় নিশ্চিত হতে চলেছে পুরুলিয়া বনবিভাগ।

পুরুলিয়া বিভাগের ডিএফও দেবাশিস শর্মা বলেন, “আরও একবার ট্র্যাপ ক্যামেরায় যে চিতাবাঘের ছবি পাওয়া গিয়েছে তা প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে আগের পুরুষ চিতাবাঘ নয়। তবে এই বিষয়ে আমাদের আরও স্টাডি করতে হবে। আমরা লোকালয়ে সচেতনতার প্রচার চালাচ্ছি। সতর্ক থাকার জন্য গ্রামবাসীকে বলছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *