স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ এপ্রিল: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুর ডিপো থেকে একাধিক রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বিশেষত ইসলামপুর-কলকাতা রুটের বাসটি দীর্ঘদিন ধরেই বন্ধ। পাশাপাশি চোপড়া ব্লকের দাসপাড়া ও দেবীঝোরা রুটের দু’টি বাসও বন্ধ। এতে বাসিন্দারা পরিবহন সংস্থার উপর ক্ষুব্ধ। কলকাতা সহ ইসলামপুর এলাকার বিভিন্ন রুটে সরকারি বাস পরিষেবা সচল রাখার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা সহ যাত্রী ও ব্যবসায়ীরা।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর ধরে ইসলামপুর-কলকাতা রুটের বাস বন্ধ আছে। চোপড়া ব্লকের দাসপাড়া ও দেবীঝোরা রুটে বাস চলতো। সেগুলিও বন্ধ হয়ে আছে। এনবিএসটিসি’র আধিকারিকরা জানিয়েছেন, ইসলামপুর থেকে কলকাতায় যোগাযোগ করার ট্রেনের সুবিধা আছে। ফলে বেশিরভাগ মানুষ ট্রেনেই যাওয়া আসা করে। সরকারি বাসের ছাদে মালপত্র না তোলার কারণে ব্যবসায়ীরা কলকাতা থেকে কিছু মালপত্র আনার প্রয়োজন হলে বেসরকারি বাসের ছাদেই নিয়ে আসেন। পাশাপাশি ইসলামপুর-কলকাতা যে বাসটি চলত, তা পুরনো হয়ে গিয়েছিল। ফলে ওই বাস বন্ধ করা হয়েছে। নতুন বাস ছাড়া কলকাতা যাতায়াতে সমস্যা হয়।
অন্যদিকে, চোপড়ার দাসপাড়া ও দেবীঝোরা রুটে ছোট গাড়ি, ট্রেকার, অটো ও টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি বাসে যাত্রী কম হচ্ছিল। সেজন্য ওই রুট দু’টিতে বাস বন্ধ রয়েছে।
এনবিএসটিসির ইসলামপুর ডিপো ইনচার্জ সুদীপ গুপ্ত বলেন, ইসলামপুর-কলকাতা রুটে যে বাসটি চলত তা পুরোনো হয়ে গেছে। নতুন বাস পেলে তা আবার পুনরায় চালু করা হবে। এবং চোপড়া ব্লকের দু’টি রুটে বাস বন্ধ আছে। বিশেষত যাত্রীরা কম ভাড়া দেওয়ার কারণে চোপড়ার দাসপাড়া ও দেবীঝোরা রুটের বাস চলাচলে সমস্যা হত। ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশাবাদী তিনি।
অন্যদিকে, ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে কলকাতাগামী বাস বন্ধ থাকায় সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শুধু কলকাতাই নয়, চোপড়া ব্লকের বিভিন্ন জায়গা ও সন্ধ্যের পর রায়গঞ্জ থেকে ইসলামপুর ফেরার তেমন সরকারি বাস নেই। আগে সমস্ত রুটে বাস চলাচল করত, হঠাৎ কেন তা বন্ধ হলো বুঝতে পারছি না। তবে পরিবহন সংস্থা ও সরকারের কাছে পুনরায় সেই রুট গুলিতে বাস চালু করার দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা রঘুপতি মুখার্জি পরিবহন সংস্থার প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, সদিচ্ছার অভাবে বাস গুলি বন্ধ রয়েছে। পরিকল্পনাহীন ভাবে ইসলামপুর ডিপো চলছে। কোনো উন্নয়ন করছে না। এতে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।
অন্যদিকে নিত্যযাত্রী ছাত্র শুভজিৎ সরকার বলেন, আগে সরকারি বাস চলাচল করত তাতে তাদের যাতায়াতে সুবিধা হত এবং ভাড়াও কম লাগত। এখন তা বন্ধ হওয়াতে তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং ভাড়াও বেশি লাগছে।

