স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল: ঘরের ভেতর থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। পুলিশের প্রাথমিক অনুমান চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয় ওই মহিলার। যার কারণে পচে দুর্গন্ধ বের হচ্ছে। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার সুত্রাগড় অঞ্চলের মুন্সিপাড়া এলাকার।
জানা গেছে, ওই এলাকায় দুই মানসিক ভারসাম্যহীন মহিলা গীতা মুন্সি ও শিপ্রা মুন্সি থাকতেন। গীতা মুন্সির বোন শিপ্রা মুন্সি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। দিদি গীতা মুন্সি মানসিক ভারসাম্যহীন হলেও মাঝেমধ্যে ঘরের বাইরে বেরিয়ে অন্যান্য কাজ করতেন। কিন্তু গত দু’দিন ধরে দুই বোনের কাউকেই ঘরের বাইরে বের হতে দেখেনি এলাকার লোকজন। বৃহস্পতিবার সকালে দুই মহিলার ঘরের ভেতর থেকে হঠাৎই দুর্গন্ধ বেরোলে এলাকার মানুষের সন্দেহ হয়। ফোন করা হয় শান্তিপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।
এরপর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দেখে শিপ্রা মুন্সি, বয়স আনুমানিক ৫৯ বছর ঘরের ভেতরেই মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয় ওই মহিলার, যার কারণে দুর্গন্ধ বের হচ্ছে। স্বভাবতই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।
ওই মৃত মহিলার দিদি গীতা মুন্সি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে বোন শিপ্রা মুন্সির কখন মৃত্যু হয় বুঝতে পারেননি বলে জানান, এলাকাবাসীরা।

