ঈদের দিন উচ্চস্বরে মাইক বাজানো, মদ্যপান করা থেকে বিরত থাকার আবেদন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ এপ্রিল: সামনেই ঈদ। সেই ঈদের দিন নদিয়ার শান্তিপুরের স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের বাড়তি টহলদারির দাবি জানালেন বিভিন্ন মসজিদের ইমামরা। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ওই দিন উচ্চস্বরে মাইক বাজানো এবং মদ্যপান করা থেকে বিরত থাকার আবেদন জানানো হয়।

শান্তিপুর শহরের মোট ৭৪টি মসজিদ রয়েছে। তাদের মধ্যে আজ ৩৪টি মসজিদের ইমাম এবং অন্যান্য মসজিদের মসজিদ কমিটির লোকজনদের নিয়ে শান্তিপুর থানায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। ওই বৈঠকে বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু এবং শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ। এছাড়া ছিলেন,বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব। সম্প্রীতির বাতাবরণ বজায় রেখে ঈদের দিন উচ্চস্বরে মাইক বাজানো মদ্যপান করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয় বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিদের। মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতিরা প্রশাসনের সঙ্গে একমত হয়েছেন। তারা আগামীকাল শুক্রবার বিভিন্ন মসজিদে ওই এলাকার মানুষদের সচেতন করার জন্য বার্তা দেবেন।

পুলিশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়, ঈদের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সব রকম সহযোগিতা করবেন। শান্তিপুর থানার ফোন নম্বরে যেকোনও সমস্যার জন্য ফোন করলেই পুলিশ গিয়ে সেখানে হাজির হবে। এছাড়া পুলিশের টহলদারির ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতিতে ঈদের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখাটাই এদিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *