পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে একটি ‘বার্তালাপ’ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে এই অনুষ্ঠানে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পিআইবি পূর্বাঞ্চলের মহা-নির্দেশক, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক সৌরভ পাণ্ডে, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সৌম্য শঙ্কর সারেঙ্গী- সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনায় পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরতে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রেস ইনফরমেশন ব্যুরোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে পিআইবি গুরুত্বপূর্ণ সেতুবন্ধনের কাজ করে চলেছে।
অনুষ্ঠানে পরিকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সরকারি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসন, সংবাদমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
উল্লেখ্য, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারের উন্নয়নমূলক কর্মসূচির তথ্য সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রেস ইনফরমেশন ব্যুরো দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিতভাবে এই ধরনের ‘বার্তালাপ’ কর্মসূচির আয়োজন করে থাকে।

