জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ জানুয়ারি: সোমবার মেদিনীপুর শহরের শরৎপল্লীতে অবস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফিজিওথেরাপি সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক সৌমেন খান, পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ডঃ গোলক বিহারী মাঝি, বিশ্বনাথ পাণ্ডব, চন্দ্রশেখর তেওয়ারি ও সমাজসেবী আরিফ আহমেদ উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে খবর, পৌরসভার অন্তর্গত তিনটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিকভাবে এই বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার শরৎপল্লী, বুধ-বৃহস্পতি কুইকোটা, শুক্রবার ও শনিবার বারবল্লভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।

পৌরসভার প্রশাসক সৌমেন খান জানিয়েছেন, “শহরের অনেক দুঃস্থ মানুষ রয়েছেন যাদের ফিজিওথেরাপি করার প্রয়োজন কিন্তু অর্থের অভাবে করতে পারছেন না, মূলত সেই সব মানুষদের সুচিকিৎসা দিতেই পৌরসভা কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

